শিবচর, মাদারীপুর জেলা | ১৯ মে ২০২৬ :
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে স্থানীয়দের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতা ও ক্রেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উমেদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকন বাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় এলাকাবাসী।

আটককৃতদের মধ্যে মাদক বিক্রির অভিযোগে লিপি (৫০) ও তার ছেলে শাজুকে আটক করা হয়। লিপির স্বামী দেলোয়ার হোসেন। এছাড়া মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মান্নান (৩৪), মো. সুজন (১৯) ও মো. নয়ন (২৪) নামের আরও তিনজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তিনজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান বিস্তৃত করে আরও দুইজনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা গেছে, আটক দুই বিক্রেতা শিবচর দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা হলেও তারা আকন বাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। অপরদিকে আটক তিনজনের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ পৌরসভায়। তারা শিবচরে বিভিন্ন পেশায় কাজের সুবাদে অবস্থান করছিলেন।
অভিযানে অংশ নেওয়া রাজিব হাওলাদার ও হাবিবুল্লাহ সিকদার বলেন, “শিবচরে মাদকের বিস্তার রোধে স্থানীয়দের নিয়ে আমরা নিয়মিত কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক পাঁচজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ-এর কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।