জয়পুরহাট | ১৯ মে ২০২৬ : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১০টায় তেজগাঁও ভূমি ভবন থেকে সারাদেশের সকল ভূমি অফিসে একযোগে ৩ দিনব্যাপী এই মেলার ভার্চুয়াল উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে পাঁচবিবি ভূমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার পাল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে অবহিত করা হয় এবং তাৎক্ষণিকভাবে নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করতে মেলার স্টলগুলোতে তথ্য প্রদর্শন ও পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে নাগরিকরা সরাসরি ভূমি কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধান করতে পারছেন, যা জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।