নরসিংদী | ১৮ মে ২০২৬ : নরসিংদী জেলার সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় ভেজাল চিংড়ি মাছের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৮ মে ২০২৬) সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে বিক্রির অভিযোগে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। তিনি নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম ভরকা কান্ত দাস।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়, যেগুলোতে অবৈধভাবে জেলী প্রবেশ করানো হয়েছিল। পরে জনসম্মুখে জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়।
মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য অফিসার।
অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন, ভেজাল ও প্রতারণামূলক খাদ্যপণ্য বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।