উখিয়া (কক্সবাজার) | ১৮ মে ২০২৬ : কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাবিল এলাকার পদ্মাঢেবা নামক স্থান থেকে বাংলাদেশ বন বিভাগ–এর সৃজিত ১৭টি মাঝারি আকারের গর্জন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ মে রাত আনুমানিক ২টার দিকে দরগাবিল এলাকার মোহাম্মদ হোসেন ডিলারের বসতবাড়ী সংলগ্ন পদ্মাঢেবা বনভূমি থেকে প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী ১৭টি গর্জন গাছ কেটে নিয়ে যায় একটি চিহ্নিত চক্র।
স্থানীয় অভিযোগকারীর ছেলে জাফর আলম (৪৫) জানান, নজির আহমদের ছেলে রাইহান উদ্দিন (কাজল) (২৮), মোহাম্মদ ইমরান প্রকাশ লেড়াইয়া (২৫) এবং বেলালের ছেলে টিপু (২০) গাছগুলো রাতের আঁধারে কেটে পাচার করে নিয়ে যায়।
তিনি আরও জানান, পরে গাছগুলো আজুখাইয়া এলাকার আবুল কালাম মেম্বারের করাত কলে জব্দ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী জাফর আলম বলেন, “১৭ মে দিবাগত রাত ২টার দিকে চিহ্নিত বনদস্যুরা আমার পার্শ্ববর্তী বাগান থেকে সরকারি বন বিভাগের সৃজিত গাছগুলো চুরি করে নিয়ে যায়। এটি সম্পূর্ণ বনবিভাগের সম্পদ।”
তিনি আরও জানান, ১৮ মে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলামকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে দায়িত্বরত ফরেস্ট গার্ড জাহাঙ্গীর আলম ও সংশ্লিষ্টদের ফোনে বিষয়টি জানানো হলে গাছগুলো জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়।
বন বিভাগ জানিয়েছে, সরকারি বনভূমির এসব সৃজিত গাছ দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বনভূমি রক্ষায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।