লোহাগাড়া (চট্টগ্রাম) | ১৮ মে ২০২৬: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে পানিতে ডুবে জান্নাতুল আরিফ আলিফা (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আলিফা ওই এলাকার প্রবাসী আরিফ উদ্দিনের কন্যা। সে স্থানীয় মাইজবিলা রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অল্প বয়সে তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে আলিফা বাড়ির পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে পাশের একটি পুকুরের ঘাটে পা ধোয়ার সময় অসাবধানতাবশত পিছলে পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সে পানিতে তলিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, আছরের নামাজের জন্য ওজু করতে গিয়ে তার ছেলে পুকুরে শিশুটিকে ডুবে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।