পীরগঞ্জ, ঠাকুরগাঁও | ১৮ মে ২০২৬ :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকারি লবণ সঠিকভাবে ব্যবহারের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) পীরগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের রোগমুক্ত পশু নির্বাচন, নিরাপদ ও ধারালো অস্ত্র ব্যবহার করে পশু জবাই, চামড়া ছাড়ানোর সময় সতর্কতা অবলম্বন এবং চামড়া যাতে ছেঁড়া-কাটা না হয় সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বাজারজাত করার পূর্বে সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত লবণ যথাযথভাবে ব্যবহার করে চামড়া সংরক্ষণের পদ্ধতিও হাতে-কলমে শেখানো হয়।
উক্ত প্রশিক্ষণে ইমাম, মোয়াজিন, কসাই ও চামড়া ব্যবসায়ীসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। স্থানীয় প্রশাসন জানায়, এ ধরনের প্রশিক্ষণ কোরবানির সময় নিরাপদ জবাই ও চামড়ার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।