কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
রবিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রুহুল আমিন (৩৫)। তিনি উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।