কক্সবাজারের উখিয়া উপজেলায় সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ মে) সকালে উখিয়া উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উখিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাত আসমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উখিয়া উপজেলা শাখার সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামানশিস সরকার, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু নাঈম ভূঁইয়া, উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ শাহজাহানসহ খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপালং ইউনিয়নের কৃষক মোহাম্মদ শাহজাহান ৩.০০০ মেট্রিক টন এবং কৃষক মোহাম্মদ মিজান ৩.০০০ মেট্রিক টন ধান সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে খাদ্য গুদামে সরবরাহ করেন। এ সময় কৃষকদের বিল বুঝিয়ে দেওয়া হয়।

উখিয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি) এলএসডি জানান, কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান সংগ্রহ কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সরকারের এই উদ্যোগে স্থানীয় কৃষকরা ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।