বান্দরবান প্রতিনিধি:

ধারাবাহিক গৌরব অর্জনের আরেক নতুন মাইলফলক গড়েছে কোয়ান্টাম কসমো কলেজ। টানা সপ্তমবারের মতো এইচএসসি পরীক্ষায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।

বান্দরবান জেলার মোট ১৪টি কলেজের মধ্যে একমাত্র কোয়ান্টাম কসমো কলেজ শতভাগ পাশ করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করেছে মাত্র ৭টি কলেজ, যার মধ্যে শিক্ষার্থী সংখ্যার বিচারে কোয়ান্টাম কসমো কলেজ চতুর্থ স্থানে রয়েছে।

এইচএসসি পরীক্ষায় এবার অংশগ্রহণ করেছে ৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫০ শতাংশ (৩১ জন) শিক্ষার্থী পেয়েছে এ প্লাস (GPA-5) এবং বাকি ৫০ শতাংশ (৩১ জন) পেয়েছে এ গ্রেড (GPA-4.00+)।
বিভাগভিত্তিক ফলাফল:

বিজ্ঞান বিভাগ: ১২ জন এ প্লাস, ১ জন এ গ্রেড

ব্যবসায় শিক্ষা বিভাগ: ১১ জন এ প্লাস, ১১ জন এ গ্রেড

মানবিক বিভাগ: ৮ জন এ প্লাস, ১৯ জন এ গ্রেড

এই অসাধারণ সাফল্যের বিষয়ে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন,

> “আমাদের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে মানবিক ও দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে—এটাই কোয়ান্টামের মূল লক্ষ্য।”

 

পার্বত্য চট্টগ্রামের অন্যতম মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোয়ান্টাম কসমো কলেজ ইতোমধ্যেই আড়াই শতাধিক শিক্ষার্থীকে সরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে।