নরসিংদী, ঢাকা বিভাগ | ১৬ মে ২০২৬ :
নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক-এর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা, ১ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শিবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শিবপুর থানার চন্দনদিয়া মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রিপন ভূঁইয়াকে আটক করা হয়। তিনি মৃত হযরত আলীর ছেলে।

পরে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক কুমার দাস-এর নেতৃত্বে পৃথক আরেকটি অভিযানে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সূত্র আরও জানায়, নরসিংদী জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।