চট্টগ্রাম | ১৬ মে ২০২৬ :
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানা পুলিশের অভিযানে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মামলার বাদী মো. ওবাইদুল হক খসরু (৩৩) পতেঙ্গা মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তিনি “চট্টগ্রাম” নামীয় ট্রান্সপোর্টের ম্যানেজার। প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত প্লাস্টিক দানা নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দিতে মোকাম লিমিটেডের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়।

উক্ত কাভার্ডভ্যানে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা, যার আনুমানিক মূল্য ৪২ লাখ ৬৪ হাজার টাকা, লোড করা হয়। গাড়িচালক মো. রাশেদ (২৯)-এর কাছে চালান বুঝিয়ে দেওয়া হলেও তিনি মালামাল নির্ধারিত গন্তব্যে না পৌঁছে সহযোগীদের নিয়ে আত্মসাৎ করেন।
এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় পেনাল কোডের ৪০৭/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদের নেতৃত্বে এসআই হারেছ মো. কুসুম, এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই সজীব কুমার আচার্য্যসহ একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে নারায়ণগঞ্জের বন্দর থানায় অভিযান চালিয়ে ইমাম আলী ওরফে ইমন (২১) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৩ মে মিরসরাই এলাকা থেকে কাভার্ডভ্যান চালক মো. রাশেদকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাশেদের তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফ আলী সিকদার (৫০)-কে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন একটি গোডাউন থেকে আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।