ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোল ধাঁচের জাঁকজমকপূর্ণ ‘হাফটাইম শো’। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা, কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই ঐতিহাসিক আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের ইনস্টাগ্রাম পোস্টে বলেন, “বিশ্বকাপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযুক্ত এক আয়োজন হবে এটি।”

বিশ্বকাপ ফাইনালে ‘হাফটাইম শো’ আয়োজন এবারই প্রথম। তবে এর ফলে ম্যাচের নির্ধারিত বিরতির সময় কতটা বাড়বে, তা নিয়ে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন মাঠে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপের মূল পর্বে।

ফিফা জানিয়েছে, ফাইনালের পাশাপাশি নিউইয়র্কের টাইমস স্কয়ারেও বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ জমা হবে ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, গত সপ্তাহে বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়ের ট্রেলার প্রকাশ করেছেন শাকিরা। ‘দাই দাই’ শিরোনামের গানটি ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত হয়েছে। গানটিতে শাকিরার সঙ্গে কাজ করেছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান শাকিরা। এছাড়া ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও পারফর্ম করে দর্শকদের মাতিয়েছেন তিনি।

বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ঘিরে এই ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।