কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামে স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাই ফয়সাল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফয়সাল গোয়ালগাঁও গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। অভিযুক্ত মোর্শেদ তার আপন বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার দিবাগত রাতে নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের পাশে শিশুদের হৈ-হুল্লোড়ের কারণে তার ঘুমে ব্যাঘাত ঘটছে বলে মোর্শেদ শিশুদের বকাঝকা করেন।

এ সময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে শিশুদের সঙ্গে এমন আচরণ না করতে বললে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা উভয়েই বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর দেড়টার দিকে বাড়িতে ফিরে আবারও তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে অভিযুক্ত মোর্শেদ ঘর থেকে একটি দা এনে ছোট ভাই ফয়সালকে এলোপাতাড়ি কোপ দেন। এতে গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।