চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এফএইচ অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক নাহিদ। তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন কুমার দাস, শবনম আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপন কিষমু, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকরা।
আয়োজক সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিশুর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। খাতা, কলম, স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।