কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার ধস নেমেছে। ২০২৫ সালের পরীক্ষায় বোর্ডটির পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বোর্ড সূত্র জানায়, এবার নয়টি কলেজে কেউ পাস করেনি, অপরদিকে পাঁচটি কলেজে শতভাগ পাস করেছে।
২০২১ থেকে ২০২৪ পর্যন্ত কুমিল্লা বোর্ডের পাসের হার ছিল যথাক্রমে—
২০২১: ৯৭.৪৯%
২০২২: ৯০.৭২%
২০২৩: ৭৫.৩৯%
২০২৪: ৭১.১৫%
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন, যার মধ্যে পাস করেছে মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়—
বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬,২৭৪ জন, পাস করেছে ১৬,২৫১ জন (৬২.৬৪%)
মানবিক বিভাগে ৪৮,১২৯ জনের মধ্যে পাস ২০,৫৯০ জন (৪৪.০৮%)
বিজনেস স্টাডিজে ২৭,৫৯৪ জনের মধ্যে পাস ১১,৮১৬ জন (৪৩.৯০%)
এবারের ফলে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। ছেলেদের পাসের হার ৪২.৭০ শতাংশ, আর মেয়েদের ৫৩.৩৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছেলেরা ৯৫৮ জন এবং মেয়েরা ১,৭৪৯ জন।
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, ফলাফলে এই ধসের মূল কারণ হিসেবে পড়াশোনায় অনিয়মিততা ও প্রস্তুতির ঘাটতিকে দায়ী করা হচ্ছে।