চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মিত হলে হাইদগাঁও এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় একটি সম্ভাবনাময় পর্যটন স্পট গড়ে উঠবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বিনোদন কেন্দ্র হিসেবে এলাকাটি আকর্ষণীয় হয়ে উঠবে। এছাড়া অতিবৃষ্টির সময় নিচু অঞ্চলের মানুষের জলাবদ্ধতা ও দুর্ভোগও অনেকাংশে কমে যাবে।

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন, সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু ও সাবেক চেয়ারম্যান মফজল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, যোগাযোগ, পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।