ঠাকূরগাঁও | ১২ মে ২০২৬ : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকূরগাঁও শহরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিভিন্ন নার্সিং, ম্যাটস ও মিডওয়াইফারী ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নার্সরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান।
শহরের এস,কে নার্সিং কলেজ আয়োজিত আলোচনা সভা কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার, চিকিৎসক মজিদা মুসফিকা, প্রশাসনিক কর্মকর্তা ও ইন্সট্রাক্টর লাবু হোসেন, রোকসানা রিমু, ইশিতা নাজনিন প্রমুখ। বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাঁদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা জরুরি।
একই দিনে শহরের হাজীপাড়ার দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট, হলপাড়ার মনোয়ারা নার্সিং ম্যাটস কলেজ, হাজীপাড়ার হলি স্পিরিট নার্সিং ও মিডওয়াইফারী ইনস্টিটিউট সহ আরও কয়েকটি নার্সিং ও ম্যাটস কলেজ দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।
র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী নার্সদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডে সচেতনতামূলক স্লোগান দেখা যায়—“নার্স আছে যেথায়, ভরসা আছে সেথায়”, “অসুস্থ প্রাণে নতুন আশা, নার্সদের সেবায় ভালোবাসা”, “রোগীর মুখে হাসি ফোটাতে, নার্সরা আছে দিনে রাতে” ইত্যাদি। এসব স্লোগান উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
দিবসটি উপলক্ষে বিকেলে বিভিন্ন নার্সিং কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, নার্সদের পেশাগত দক্ষতা, মানবিক সেবা ও সমাজে তাঁদের অবদান তুলে ধরতেই এ আয়োজন।