কুমিল্লা, হোমনা | ১২ মে ২০২৬ : কুমিল্লার হোমনা উপজেলার সাদ্দাম বাজার এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ির চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে হোমনা থানা পুলিশের একটি দল সাদ্দাম বাজার এলাকায় মেঘনাগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করে মানিকারচর এলাকায় গাড়িটি আটক করতে সক্ষম হয়। তবে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। পরবর্তীতে প্রাইভেটকারটির পেছনের কেবিনেট তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সড়কপথে মাদক পাচার রোধে পুলিশ নিয়মিত অভিযান জোরদার করেছে।