কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর মৌচাক এলাকা থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী নাসিমা বেগম (৫০), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের উত্তর মৌচাক এলাকার ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

পরবর্তীতে তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া ওই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”