কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২৬ বছর ধরে পলাতক আসামি আবুল কালাম (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ৩টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে র‍্যাব-৩ এর সহযোগিতায় শাহজাহানপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই সঞ্জয় কুমার দাস।
গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। মঙ্গলবার (১২ মে) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে একই গ্রামের কিশোর সোহেল (১৪) এর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম তাকে গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কালাম পলাতক ছিল।

এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার রায়ে ২০১০ সালে আদালত আবুল কালামকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
এস. এম. আরিফুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পাকুন্দিয়া থানা জানান— দীর্ঘদিন পলাতক থাকা দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা পুলিশের বড় সাফল্য। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।