আশাশুনিঃফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)র উদ্যোগে সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে একযোগে কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১১ মে) সকাল ৯টায় আশাশুনি থানা সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে” আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ফারিয়ার আশাশুনি উপজেলা সভাপতি ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইলিয়াস হোসেন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দীপক মন্ডল, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম বাবু, সহ-কোষাধ্যক্ষ কাজেম শিকারি, প্রচার সম্পাদক সোহেল মৃধা, শওকত হোসেনসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন; তারা দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। উচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারা এই পেশায় নিয়োজিত। কিন্তু কতিপয় ব্যক্তির উস্কানিতে নিরপরাধ প্রতিনিধিদের গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তারা গ্রেফতারকৃত প্রতিনিধিদের অনতিবিলম্বে মুক্তি, পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।