ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা-এ কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” কর্মসূচির আওতায় আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদূর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, সিনিয়র মনিটরিং অফিসার সনজয় দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান লিমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর সভাপতিত্বে কংগ্রেসের কার্যক্রম পরিচালিত হয়।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, মানসম্মত বীজ ও কৃষি উপকরণের ব্যবহার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি কৌশল প্রয়োগ, সুষম সার ব্যবহার, নিয়মিত মাটি পরীক্ষা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং জলবায়ু সহনশীল ফসলের জাত সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পীরগঞ্জের কৃষিখাতে আধুনিক ও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।