লোহাগাড়া | ০৯ মে ২০২৬ :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টার দিকে হাইওয়ে রেস্টুরেন্ট “ফোর সিজন”-এর সামনে দুটি যাত্রীবাহী মারসা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় একটি মারসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে রক্তাক্ত পরিবেশের সৃষ্টি হয় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দোহাজারী হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।