বান্দরবানের লামা উপজেলায় বনবিভাগের একটি সফল অভিযানে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। (৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক মাসুম আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির। এ সময় স্পেশাল টিমের প্রধান রনি পারভেজসহ বনকর্মী লতিফ, জুলহাজসহ আরও কয়েকজন সদস্য অংশ নেন।
উদ্ধার অভিযানের পর হরিণটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং এর স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা বনবিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অভিযান এলাকায় জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।