কচুয়া, চাঁদপুর | ৬ মে ২০২৬ :
চাঁদপুরের কচুয়া থানায় পুলিশের বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম-এর নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক-এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলবাহার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাগর হোসেন (৩১)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পৌর এলাকার কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে ইলিয়াছ পাটোয়ারী (৩৫) ও আলাউদ্দিন (২৫)-এর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে চাঙ্গীনি এলাকায় মিজানুর রহমান (৩৩) ও শাকিব (২১)-এর কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পৃথক আরেক অভিযানে মাসনিগাছা এলাকা থেকে রাকিবুজ্জামান (২৭)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া পৌরসভার পলিটেকনিক্যাল কলেজ এলাকার সামনে থেকে ইকবাল হাবিব (৩০)-এর কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বুধবার (৬ মে) তাদের আদালতে পাঠানো হয়েছে।