নোয়াখালী | ০৩ মে ২০২৬ :
গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জোটের ব্যানারে একটি বড় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরবাজারে গিয়ে সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে শেষ হয়।
গণমিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইসহাক খন্দকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের মতামতকে উপেক্ষা করছে। তারা দাবি করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পর ১৮০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি।
বক্তারা আরও বলেন, “৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায় উপেক্ষা করা হয়েছে। সরকার প্রতিশ্রুতি দিলেও সংবিধান সংস্কারের শপথ গ্রহণ করেনি।”
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও বেগবান করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ মাদানী, জহিরুল হক, কাজী মাইনুদ্দিন তানভীর, আব্দুল কাইয়ুম এবং বোরহান উদ্দিন প্রমুখ।