আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে পারলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী শহীদ, জেলা অর্থ সম্পাদক এবং জনাব মোফাখ্খার হোসেন নাসিম, সাবেক শহর সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন যায়েদ, শহর শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং জেলা পরিবহন শ্রমিকের সেক্রেটারি সামছুদ্দিন রাজুসহ উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন চৌমুহনী শহর শাখার সভাপতি মু. অলি উল্যাহ ইয়াছিন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী চৌমুহনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।