নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৩০ এপ্রিল ২০২৬ :
সিলেট নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুইজন বাসচালক গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জগন্নাথপুর রোডের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই বিরোধের জেরে এক পক্ষের সমর্থনে মিতালী এক্সপ্রেস-এর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে জগন্নাথপুর রোড ও জকিগঞ্জ রোডের শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে পুরো টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে জকিগঞ্জ রোডের দুইজন বাসচালক গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।