উখিয়া | ২৯ এপ্রিল ২০২৬:
দেশব্যাপী একযোগে শুরু হওয়া “নতুন কুঁড়ি-২০২৬ স্পোর্টস” বাছাই পর্বের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-এ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বাছাই পর্বের উদ্বোধন করা হয়।

উখিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহনেওয়াজ জানান, এবারের প্রতিযোগিতায় ৮টি ইভেন্ট রাখা হয়েছে। এগুলো হলো— ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার এবং মার্শাল আর্ট।

তিনি আরও জানান, উখিয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী মোট ২৯১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দিনব্যাপী চলা এই বাছাই পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করবেন।

বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরাই জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ২ মে কক্সবাজারে জেলা পর্যায়ের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আজকের ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন দল সেই ম্যাচে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পোস্ট মাস্টার, কণ্ঠশিল্পী এস.এম. জসিম এবং সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চু।