পাঁচবিবি, জয়পুরহাট | ২৮ এপ্রিল ২০২৬ :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে পাঁচবিবি স্টেডিয়ামে এ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে বালক ও বালিকা দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারি শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত, সহকারি শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
ফাইনাল খেলায় বালক বিভাগে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপভোগ করতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অসংখ্য দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল উৎসবমুখর।