ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ | ২৮ এপ্রিল ২০২৬ :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি ফিলিং স্টেশনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে ভোলাহাট ফিলিং স্টেশনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শাখাওয়াত হোসেন মজু।

তিনি বলেন, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার পেট্রোল পাম্পকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি স্পষ্টভাবে জানান, গত ২৭ এপ্রিল রাতে হিরো ইটভাটায় জ্বালানি তেল আনলোডকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে তার প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এ ধরনের গুজব ছড়াচ্ছে, যার ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার না করার জন্য। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।