বীরগঞ্জ, দিনাজপুর | ২৮ এপ্রিল ২০২৬ :
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২৬) পৌর শহরের উপজেলা রোড ও খানসামা রোড এলাকায় অবস্থিত ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার, শিফা ডায়াগনস্টিক সেন্টার এবং আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহানউদ্দিন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আবু বকর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।