ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম | ২৮ এপ্রিল ২০২৬ :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
জানা গেছে, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে এবং পরে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন জানান, রাত ১২টার দিকে তিনি বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যান। পরদিন সকাল ১০টার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুনের বিষয়টি দেখতে পান। তখনও ঘরের ভেতরে আগুন জ্বলছিল। স্থানীয়দের সহযোগিতায় জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ফাঁকা বাড়িতে এ ধরনের চুরি ও অগ্নিসংযোগ অত্যন্ত রহস্যজনক এবং উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ডা. রোকনুজ্জামান কিরন বলেন, “ঘটনার সময় আমরা সবাই পারিবারিক কাজে রংপুরে ছিলাম। দুর্বৃত্তরা মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ দলিলপত্র ও দেশি-বিদেশি ডকুমেন্ট আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, আগুন লাগার কারণ উদঘাটনে কাজ চলছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।