হরিরামপুর, মানিকগঞ্জ | ২৬ এপ্রিল ২০২৬ :
দৈনিক সারাদেশ ৭১-এ প্রকাশিত “হরিরামপুরে অবাধে চলছে রমরমা মাটির ব্যবসা-ঝুঁকিতে পড়ছে কৃষি জমি” শীর্ষক সংবাদের পরপরই হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন। মাটি ও বালু ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযান চালিয়ে এরশাদ আলী নামে এক জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় চক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত এরশাদ আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের বাসিন্দা শেখ গেন্দুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে ঘটনাস্থলে গিয়ে একটি ভেকু (খননযন্ত্র) অকেজো করে দেওয়া হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জমির মালিককে আটক করে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন জানান, “মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।