চট্টগ্রাম | ১২ বৈশাখ ১৪৩৩ (২৫ এপ্রিল ২০২৬):
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলায় অসুস্থ শরীর নিয়েই টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ।

শনিবার লালদীঘি মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ২৫ মিনিটের টানটান লড়াই শেষে শক্তিশালী প্রতিপক্ষ রাশেদ বলিকে পরাজিত করে বিজয়ের মুকুট নিজের করে নেন তিনি। তার এ জয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

প্রতিবছরের মতো এবারও বলিখেলাকে ঘিরে লালদীঘি ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এ খেলা উপভোগ করতে ভিড় করেন।
খেলাকে কেন্দ্র করে বসে বৈশাখী মেলা। কেনাবেচা, আড্ডা ও আনন্দঘন পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯০৯ সালে বদরপাতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনের তরুণদের শক্তি ও সাহস জাগিয়ে তুলতে এ বলিখেলার সূচনা করেন। সময়ের পরিক্রমায় এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে।

প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে অনুষ্ঠিত এই বলিখেলা এখন চট্টগ্রামের মানুষের প্রাণের উৎসব হিসেবে বিবেচিত হয়। এ কারণেই চট্টগ্রামকে অনেকেই ‘বলীর দেশ’ হিসেবে অভিহিত করেন।