চাঁপাইনবাবগঞ্জ | ২৫ এপ্রিল ২০২৬ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-র একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই এস.এম. রাসেল কবির। পুলিশ জানায়, ওই এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত থাকার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০)। এ সময় তাদের কাছ থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি প্যাকেটে মোট ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, রাকিব আলী শিবগঞ্জ উপজেলার বিরামপুর এলাকার মৃত টানু বিশ্বাসের ছেলে এবং জমিলা বেগম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৩৭, তারিখ ২৫/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।

ওসি মো. একরামুল হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতরা এলাকায় পাইকারি মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। যুব সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”