পটিয়া, চট্টগ্রাম | ২৫ এপ্রিল ২০২৬ :
চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ব্যবসায়ী আবুল কাসেম হত্যা মামলার ২ নম্বর আসামি আবু তাহের (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও র্যাব-১২-এর যৌথ টিম।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) বগুড়া জেলার শিবগঞ্জ থানার চৌকিরহাট মালহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ এপ্রিল পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই ইকবালের নেতৃত্বে ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল ব্যবসায়ী আবুল কাসেমের ওপর হামলা চালায়। হামলায় তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর ২০ এপ্রিল তিনি মারা যান।
এ ঘটনায় পটিয়া থানায় একটি হত্যা মামলা (নং-২২/৮) দায়ের করা হয়। মামলায় আবু তাহেরকে ২ নম্বর আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই র্যাব-৭ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১২ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে দ্রুত পটিয়া থানায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।