বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সভাপতি, ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক এবং গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজকে দপ্তর সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে ২০২৫ সালের ২৪ নভেম্বর ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল হক শামীম। এছাড়া ২০ জনকে সহ-সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আরও ১৩ জন।

কমিটির দপ্তর সম্পাদক আসাদ পারভেজ নোয়াখালীর কৃতি সন্তান। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের আজীবন সদস্য।

লেখালেখির ক্ষেত্রে তিনি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যেমন—যুগান্তর, নয়া দিগন্ত, জনকণ্ঠ, দিনকাল, ইনকিলাব ও সংগ্রামে নিয়মিত উপসম্পাদকীয় লিখে থাকেন। তিনি দেশি-বিদেশি বিভিন্ন বইয়ের লেখক এবং ভূরাজনীতি বিষয়ক গবেষক হিসেবেও পরিচিত।

২০২৫ সালে কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক ‘জাতীয় সাহিত্য সম্মাননা’ লাভ করেন তিনি। এছাড়া ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত গবেষণা প্রতিযোগিতায় জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির ওপর গবেষণাপত্র জমা দিয়ে পুরস্কৃত হন।

তার লেখা ‘খালেদা জিয়া: চিকিৎসা, গণতন্ত্র ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক বইটি ২০২৪ সালের জুলাই মাসে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং সে সময় শাহবাগ এলাকা থেকে বইটির কয়েক হাজার কপি জব্দ করা হয়।

নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সংগঠনটি নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।