যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার মাঠে ধান বহনের সময় হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শ্রমিক মান্নান শেখ (৫০)।

নিহত মান্নান শেখ চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি কৃষিশ্রমিক হিসেবে ধান বহনের কাজে অংশ নেন।

কাজ করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মান্নান শেখ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।