চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মনিরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন করেছেন। তাঁর এ সফরকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ডিআইজি ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ মনিরুজ্জামান। এতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন এবং নিজেদের সমস্যা, প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।
ডিআইজি মনিরুজ্জামান প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
পরে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক নির্মূল কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
ডিআইজির এ সফর ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।