পাঁচবিবি, জয়পুরহাট | ২৩ এপ্রিল ২০২৬ :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল আখিড়াপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি রায়হান (৫৬), তিনি আখিড়াপুকুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সড়াইল আখিড়াপুকুর এলাকায় ভারতের উদ্দেশ্যে পাচারের জন্য বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৬৩ বোতল ‘একেএল ওয়ান ১০০ এমএল’ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে রায়হানকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে একই দিনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গোডাউন থেকে আরও ৭ হাজার ৪৮৫ বোতল অবৈধ সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মোট সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে জনসম্মুখে ধ্বংস করা হবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।