কালিয়াকৈর, গাজীপুর | ২২ এপ্রিল ২০২৬ :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা র্যাবের একটি আভিযানিক দল গত ২১ এপ্রিল দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হরতকিতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ কেজি গাঁজা, নগদ অর্থ এবং মোবাইল সেটসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চাঁদপুর জেলার মতলব থানার মোহনপুর গ্রামের মৃত নায়েব আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর থানার মন্ডলপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করতেন।
পরবর্তীতে আটককৃত দুইজন ও উদ্ধারকৃত আলামত কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, ৭০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় আটক দুইজনসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
