আমতলী, বরগুনা | ২১ এপ্রিল ২০২৬:
ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ককে চার ও ছয় লেনে উন্নীতকরণ, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রস্তাবিত ‘আমতলী হাইওয়ে থানা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে একটি আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের জন্য জমা দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া এই আবেদনপত্রটি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহন চলাচলে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সংকীর্ণ সড়ক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা যাতায়াতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ অবস্থায় মহাসড়কটি আধুনিক মানে চার ও ছয় লেনে উন্নীত করার দাবি জোরদার হয়েছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত ‘আমতলী হাইওয়ে থানা’ দ্রুত বাস্তবায়ন করা হলে মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ গ্রহণ করে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করবে।