কিশোরগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিস সোহানা নাসরিন। (২১ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে সোহানা নাসরিন বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, সুশাসন নিশ্চিত করা এবং জনসেবার মান উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তিনি সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। জনগণের কল্যাণে আধুনিক ও কার্যকর প্রশাসনিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন জেলা প্রশাসকের দক্ষ নেতৃত্বে কিশোরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।