ঠাকুরগাঁও জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে জেলা পর্যায়ে এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

(২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আনি রহমানসহ জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলবে। জেলার সকল উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা প্রদান করা হবে।

এবারের কর্মসূচীর আওতায় মোট ১,৩৬৩টি টিকাদান কেন্দ্র পরিচালিত হবে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই কর্মসূচীর মাধ্যমে জেলায় হাম রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।