ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল সিকদারের বিরুদ্ধে স্ত্রী ও সন্তানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তার স্ত্রী মিসাত জাহান।
মিসাত জাহান জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই স্বামী তার কাছে যৌতুক দাবি করতে থাকেন।
তিনি অভিযোগ করেন, স্বামীর চাপে পড়ে বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে দিতে বাধ্য হন।
মিসাত জাহান আরও বলেন, ২০১৩ সালে তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। কিন্তু জামাল সিকদারের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদের দাম্পত্য জীবনে বিরোধ সৃষ্টি হয়।
তিনি দাবি করেন, এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলেই তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। একাধিকবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি নিজের নিরাপত্তা, সন্তানের সুষ্ঠু পড়াশোনার পরিবেশ এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাস নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামাল সিকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”