কটিয়াদী (কিশোরগঞ্জ), ১৭ এপ্রিল ২০২৬:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা-তে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর চরিয়াকোনা ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে মাদক বিরোধী কমিটি, স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, ৪নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা মোঃ হামিদ মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমানে সমাজের জন্য মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। যুবকদের রক্ষা করতে হলে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

তারা আরও বলেন, এলাকায় যারা মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িত, তাদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অপরাধীদের নিজ হাতে শাস্তি না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।

এলাকাকে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা কামনা করেন স্থানীয়রা।