লোহাগাড়া, চট্টগ্রাম, ১৬ এপ্রিল ২০২৬: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক রুট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কটি আধুনিকায়ন ও প্রশস্তকরণের লক্ষ্যে প্রস্তাবটি সেতুমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যটন নগরী কক্সবাজার ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে দীর্ঘদিন ধরেই মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি ছিল। যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার জন্য এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রস্তাব অনুমোদনের ফলে এখন প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়ন, সম্ভাব্যতা যাচাই এবং বাজেট নির্ধারণের কাজ শুরু হবে। পরবর্তীতে একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

স্থানীয় জনগণ ও পরিবহন সংশ্লিষ্টরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময় সাশ্রয়ী হবে।