নগরকান্দা, ফরিদপুর, ১৬ এপ্রিল ২০২৬: ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামে রেললাইনে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইউনুস সেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস সেক একই ইউনিয়নের খৈয়া গ্রামের মরহুম আদেল উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী “মধুমতী এক্সপ্রেস” ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুর্ঘটনায় তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে গভীর বেদনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, ওই রেললাইনের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।