চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক (প্রকাশ এনাম ডাকাত)কে জাল টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ অক্টোবর সাতকানিয়া থানার একটি বিশেষ পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক এনামুল হক কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ সর উত্তর পাড়ার মৃত ইউসুফ আলীর চতুর্থ পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য এনামুল হকের বিরুদ্ধে চকরিয়া থানায় মিজান হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বান্দরবানের লামা থানায় তার বিরুদ্ধে জাল টাকা, গরু চুরি ও চাঁদাবাজিসহ প্রায় ৮ থেকে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এনামুল হক দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি তার দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও জবরদখলসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এনামুল হক ও তার সহযোগীদের কারণে আমরা বহুদিন ভয়ে দিন কাটিয়েছি। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।”
পুলিশ জানিয়েছে, এনামুল হকের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সূত্রে জানা যায়, এনামুল হক বঙ্গবন্ধু সৈনিক লীগের চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে।